জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয় নিয়ে বরগুনার বেতাগীতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সভা। ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সভাটি “জলবায়ু অর্থায়ন ও সততার উপর সক্ষমতা বৃদ্ধি: জবাবদিহিতা ও টেকসইতার জন্য সাংবাদিকদের নেতৃত্ব শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের অধীনে পরিচালিত হয়।
আজ (৩০ আগস্ট) বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
প্রকল্প কর্মকর্তা মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় জলবায়ু পরিবর্তন রোধে ‘সক্ষমতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন ও সাংবাদিকদের নেতৃত্ব শক্তিশালীকরণ’ বিষয়ে বিশদ আলোচনা করেন সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনায় উঠে আসে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংবাদ সংগ্রহ ও প্রচারে সাংবাদিকরা কী ধরনের কাজ করছেন, এ ক্ষেত্রে তাঁদের প্রধান প্রতিবন্ধকতাগুলো কী এবং কীভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব।
সভায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে এবং সরকারি-বেসরকারি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
একইসাথে, জলবায়ু অর্থায়ন ও এর স্বচ্ছতা নিশ্চিতকরণে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
