রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এসময় এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় ঘুরে কাকরাইলের দিকে যায়। পরে জাপা কার্যালয়ের সামনে আসলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে একদল লোক জাপা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।
এর আগে শনিবার বিকেলে জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “মশাল মিছিলের নামে শুক্রবার জাপা অফিসে আগুন দিতে এসেছিল কয়েকজন। তখন সেনা ও পুলিশ সদস্যরা তা প্রতিহত করেছেন। দেশের স্বার্থে সেনাবাহিনীর আরও সক্রিয় ভূমিকা রাখা দরকার।”
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় জাপা নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের মিছিল থেকে সংঘর্ষ বাধে। এতে সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান আহত হন। পরে মশাল মিছিলের সময় শতাধিক নেতাকর্মী জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা করেন। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে এক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করে।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে জরুরি সংবাদ সম্মেলন ডাকে গণঅধিকার পরিষদ। সম্মেলনস্থলে যাওয়া সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যৌথবাহিনীর হামলার অভিযোগ ওঠে।
