নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার:

1 Min Read

নিখোঁজ হওয়ার একদিন পর রাজধানীর বসুন্ধরা থেকে নিখোঁজ হওয়া এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউকে সাভার নিউমার্কেট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রোববার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মাহিরাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর সিপিসি-২-এর স্কোয়াড্রন লিডার নাজমুল।

র‍্যাব জানায়, মাহিরা নিখোঁজ হওয়ার পর একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। পরে নিউমার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর মাহিরা র‍্যাবকে জানায়, পরীক্ষার জন্য বাসা থেকে বের হওয়ার পর এক অজ্ঞাত নারী তার নাকে কিছু একটা ছোঁয়ালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর নিজেকে সাভারের একটি নির্জন স্থানে আবিষ্কার করেন।

পরে মাহিরাকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন তার চাচা—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

এর আগে, রোববার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষার কথা বলে বের হয়ে নিখোঁজ হন মাহিরা। রাতে বাসায় না ফেরায় তার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‍্যাব জানায়, কীভাবে এবং কার মাধ্যমে মাহিরা সাভারে পৌঁছাল, তা এখনও তদন্তাধীন রয়েছে। ঘটনাটি ঘিরে রহস্য কাটেনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *