পাকিস্তানের সঙ্গে বৈঠক: ৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের

1 Min Read

দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনার বিষয়গুলোও আলোচনায় তোলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ।

ব্রিফিংয়ে এম জসীম উদ্দিন বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে পাকিস্তানে আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের প্রাপ্য অংশ, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে বিদেশি সহায়তা ফেরত এবং ১৯৭১ সালের যুদ্ধকালীন গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার বিষয়টি।

পাকিস্তানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, পাকিস্তান এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় পৌঁছান। বৃহস্পতিবার তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে। দীর্ঘ ১৫ বছর পর এই বৈঠক আবার অনুষ্ঠিত হলো।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *