কাকরাইলে জাতীয় পার্টি–গণঅধিকার পরিষদের সংঘর্ষ: রক্তাক্ত নুর হাসপাতালে

By বিশেষ প্রতিনিধি :

2 Min Read

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরে রক্তাক্ত অবস্থায় নুরকে তার সহযোগীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান। এর আগে সন্ধ্যা থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং বেশ কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত ৯টা পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে।

সংঘর্ষের সময় গণঅধিকার পরিষদের কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে উত্তেজনা বাড়ান। অপরদিকে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে।

জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, গণঅধিকার পরিষদ মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা চালায় ও কার্যালয়ে ভাঙচুর করে। তবে গণঅধিকার পরিষদের দাবি, মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে যাওয়ার সময় প্রথমে জাতীয় পার্টির কর্মীরাই ইটপাটকেল ছুড়ে তাদের ওপর হামলা চালায়।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার পর থেকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় এবং রাত পর্যন্ত ধাপে ধাপে চলতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।

এর আগে বিকালে বিজয়নগরে রাষ্ট্র পুনর্গঠন ও ফ্যাসিবাদ বিরোধী সমাবেশ করে গণঅধিকার পরিষদ। সমাবেশে আওয়ামী লীগের সহযোগীদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল এবং ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পল্টনের পথে যাওয়ার সময় তারা জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি তোলেন। মিছিলটি কাকরাইলে পৌঁছালে দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *