ক্রিকেট বোর্ডে বুলবুলের নতুন ইনিংস

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
আমিনুল ইসলাম বুলবুল, ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার সন্ধ্যায় বিসিবি পরিচালনা পর্ষদের বিশেষ সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নের ভিত্তিতে এই দায়িত্ব পেলেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

এর আগে বিকেলে এনএসসি বিসিবি পরিচালক হিসেবে আমিনুলকে মনোনয়ন দেয় এবং একই সঙ্গে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে। পরিচালকদের ভোট ছাড়াই তাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন আমিনুল ইসলাম। দেশের প্রথম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়া এই ক্রিকেটার ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এরপর কোচিং ও প্রশাসনিক কাজে যুক্ত হন। একপর্যায়ে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিবিতে দায়িত্ব নেওয়ার আগে আইসিসির হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তার আইসিসি চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসে।

অক্টোবর পর্যন্ত বিসিবির বর্তমান বোর্ডের মেয়াদ রয়েছে। ফলে আমিনুল আপাতত কয়েক মাসের জন্য বোর্ড সভাপতির দায়িত্ব পালন করবেন।

একই সভায় সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমূল আবেদীন ফাহিম এবং পরিচালক ফাহিম সিনহা।

নতুন নেতৃত্বের অধীনে বিসিবি প্রশাসনে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। খেলোয়াড়ী অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রশাসনিক দক্ষতার কারণে আমিনুলের কাছ থেকে ভিন্নধর্মী নেতৃত্বের আশা করছেন বোর্ড সংশ্লিষ্টরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *