নাটোরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতের নাম মো. নবীর আলী (৫০)। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নেপালদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
নবীর আলীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, রাতে নবীর আলী নেপালদিঘী গ্রামের ইদ্রিস আলীর বাড়ি থেকে মালামাল চুরি করে পাশের আব্দুল আওয়ালের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে গ্রামবাসীর নজরে পড়ে যান। এ সময় তারা চিৎকার শুরু করলে অন্যরা এসে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নাটোর সদর থানার ওসি মো. মাহবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে নবীর আলীর মৃত্যু গণপিটুনিতেই হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

