মিয়ানমারে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ আটক ১১

By জাফর আলম, কক্সবাজার:

1 Min Read

মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারের সময় ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৮ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক মনে করে নজরে আনে।

বঙ্গোপসাগরে বর্তমানে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলছে, সেই সময় ওই এলাকায় নৌকা থাকার বৈধতা নেই।

জাহাজ থেকে বোটটিকে থামার সংকেত দেয়া হলে তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর কোস্ট গার্ড সদস্যরা ঘণ্টাব্যাপী ধাওয়া চালিয়ে নৌকাটি আটক করে।

পরে তল্লাশির সময় বোটে থাকা ৭৪২ বস্তা ইউরিয়া সার এবং ১১ জন পাচারকারীকে আটক করা হয়।আটক ব্যক্তিরা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পরে জব্দ করা সার টেকনাফ কাস্টমসের কাছে এবং আটক পাচারকারী ও নৌযানটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড সবসময় টহল কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে এবং চোরাচালান অনেকাংশে রোধ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *