মৎস্য সপ্তাহ-২০২৫: গলাচিপা-বেতাগীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন

By নিজস্ব প্রতিবেদক:

2 Min Read

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে সারাদেশের মতো পটুয়াখালীর গলাচিপা ও বরগুনার বেতাগীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। এ বছর ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।

গলাচিপায় র‌্যালি ও পুরস্কার বিতরণ

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে গলাচিপা দিঘিতে মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুর রহমান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মো. খালিদ হোসেন মিল্টনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও প্রান্তিক মৎস্যচাষীরা।

আলোচনা সভায় বক্তারা মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অগ্রগতি উল্লেখ করে আধুনিক চাষাবাদে সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় সফল মৎস্যচাষীদের সম্মাননা স্মারক ও পুরস্কার দেওয়া হয়।

বেতাগীতে অবৈধ জালে হুঁশিয়ারি

একই দিন বরগুনার বেতাগীতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপুল সিকদার।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তুরানের সভাপতিত্বে আলোচনা সভায় বিপুল সিকদার বলেন, “কারেন্ট ও ঘোনা জালের মতো সর্বনাশা ফাঁদের কারণে দেশীয় মাছ বিলুপ্তির পথে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক শাহাদাৎ হোসেন মুন্না, প্রেসক্লাব সভাপতি কামাল হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা মা মাছ ও পোনা রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মৎস্যচাষিদের আধুনিক প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

উভয় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহকে কেন্দ্র করে বর্ণাঢ্য কর্মসূচি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দেশীয় মাছ রক্ষায় অবৈধ জাল বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আধুনিক মাছ চাষে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *