বিদেশে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা মৌখিকভাবে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে বিবিসি বাংলা।
কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি দেশের দূতাবাস ইতিমধ্যেই রাষ্ট্রপতির ছবি সরিয়েছে।
রোববার (১৭ আগস্ট) শ্রীলঙ্কার কলম্বো দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৫ অগাস্টের পরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার আমাদের কাছে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে। তবে আমাদের এখানে আগে থেকেই ছবি ছিল না, তাই নতুন করে সরাতে হয়নি।
ইরানের বাংলাদেশ দূতাবাসে ৫ অগাস্টের পর শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়। পরে রাষ্ট্রদূতের অফিস কক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার দুটি ছবি টাঙানো হয়েছিল।
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট এবং অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ ফেসবুকে জানান, ‘সরকারি দপ্তরে ছবি ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার এটি নিরুৎসাহিত করেছে। জিরো পোট্রেট নীতি বজায় রয়েছে, তবে কেউ কেউ দায়িত্বে ব্যবহার করেছেন। ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা দেওয়া হয়নি। তারপরও বিষয়টি রাজনৈতিক প্রেক্ষাপটে অতিরিক্তভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।’
রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনার পেছনে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে, বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
