পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের বৃহত্তম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এক ধাপ অগ্রগতি ঘটেছে। প্রথম ইউনিট চালুর আগে এর রিয়্যাক্টর কম্পার্টমেন্টের ‘কন্টেইনমেন্ট’ অর্থাৎ সুরক্ষা ব্যুহের অভেদ্যতা ও দৃঢ়তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে প্রকল্প কর্তৃপক্ষ।
বুধবার (২৫ জুন) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নির্ধারিত নকশা অনুযায়ী সুরক্ষা ব্যুহের অভ্যন্তরে চাপ প্রয়োগ করে এর স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ সময় ব্যবহৃত হয় উচ্চক্ষমতাসম্পন্ন কম্প্রেসার। কন্টেইনমেন্ট টেস্টের মূল উদ্দেশ্য ছিল, রিয়্যাক্টর চেম্বারের ভেতর অতিরিক্ত চাপ সৃষ্টি হলে কাঠামোটি কতটা সহনশীল তা যাচাই করা।
এই কন্টেইনমেন্ট নির্মিত হয়েছে প্রি-স্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট এবং অভ্যন্তরীণ ইস্পাত স্তর দিয়ে, যাতে জরুরি পরিস্থিতিতেও তেজস্ক্রিয় পদার্থ বাইরে না ছড়িয়ে পড়ে। এটি রিয়্যাক্টর ইউনিটের সর্বশেষ প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করবে।
রোসাটম জানায়, পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় এখন প্রথম ইউনিটে কিছু ‘হট মিডিয়া টেস্ট’ শিগগির শুরু হবে। এর মধ্যে থাকবে কুল্যান্ট সার্কিট উত্তপ্ত করে বাষ্প উৎপাদনের মতো প্রক্রিয়া। সেইসঙ্গে বাষ্প নির্গমনকারী যন্ত্রের কার্যকারিতাও যাচাই করা হবে।
পরীক্ষার সময় কিছু উচ্চ শব্দ শোনা যেতে পারে, যা পূর্ব পরিকল্পিত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ—বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুর প্রকল্পে স্থাপন করা হয়েছে দুটি VVER-1200 রিঅ্যাক্টর, যেগুলোর প্রতিটির উৎপাদনক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রকল্পের মূল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে রোসাটমের প্রকৌশল শাখা।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দেশব্যাপী উচ্চ আশার প্রতীক হিসেবে যেভাবে এগিয়ে চলেছে, এই সফল পরীক্ষার মধ্য দিয়ে তা আরেক ধাপ বাস্তবের পথে এগিয়ে গেল।
