সরকার আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে কি? — তারেক রহমানের সংশয়

By বিশেষ প্রতিনিধি :

2 Min Read
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন আয়োজন সম্ভব কি না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ দেশের পরিস্থিতি উদ্দেশ্যমূলকভাবে অস্থির করার চেষ্টা করছে কি না, এ নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ ও প্রশ্ন রয়েছে। এমন প্রশ্নগুলো এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখা যায় না।

তারেক রহমান আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া কিছু নৃশংস ঘটনার কারণে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে।

শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজন করা স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শহীদ জুলাই আন্দোলনের ছাত্রদের স্মরণ করা হয়।

তিনি বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য এমন নির্বাচন ব্যবস্থা থাকা প্রয়োজন, যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সঠিক সরকারের নির্বাচন করতে পারে। যদি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত না করা যায়, তাহলে কোনো নির্বাচনই সফল ও টেকসই হবে না।’

তারেক রহমান অন্তর্বর্তী সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী জনগণ এবং রাজনৈতিক দলগুলো সরকারকে পাশে থাকবে যদি তারা স্বচ্ছতা ও সাহস দেখায়।’

তিনি দেশের সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে রাষ্ট্র ও রাজনীতিতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনরায় স্থান পাবে না, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।’

স্মরণসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *