সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তালবাড়িয়া গ্রামে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, চোরা শিকারীদের ধাওয়া খেয়ে হরিণটি সুন্দরবন থেকে বের হয়ে এসেছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে সন্তোষ মন্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে শারীরিক অবস্থা পরীক্ষা করে হরিণটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হয়।
উদ্ধারকারী স্থানীয় দীনবন্ধু জানান, “আমাদের বাড়ির সামনে নদীতে নৌকা নিয়ে কিছু লোক হরিণ খুঁজছিল। পরে হরিণটি দৌড়ে এসে সন্তোষ কাকার পুকুরে পড়ে যায়। আমরা কয়েকজন মিলে হরিণটিকে উদ্ধার করি এবং বনবিভাগকে খবর দিই। লোকজন জড়ো হলে যারা খুঁজছিল, তারা পালিয়ে যায়।”
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহলপাড়ির ওসি নির্মল কুমার মন্ডল জানান, “হরিণটি সুস্থ ছিল। তাই আমরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুন্দরবনে ফেরত পাঠিয়েছি। এটি লোকালয়ে আসার পেছনে চোরা শিকারীদের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
বনবিভাগ জানিয়েছে, চোরা শিকার রোধে বন এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
