চিনি-সার কেনায় সরকারের অনুমোদন, মোট ব্যয় প্রায় ৯০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) থেকে ১৫ হাজার টন আখের সাদা চিনি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ দশমিক ৫৮ টাকা, এতে মোট ব্যয় হবে ১৭৩ কোটি ৩৭ লাখ টাকা।

একই বৈঠকে কানাডা, মরক্কো, সৌদি আরব এবং কাফকো থেকে মোট এক লাখ ৩০ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদনও দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা। এর মধ্যে ৭০ হাজার মেট্রিক টন এমওপি এবং ৬০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে বিএসএফআইসি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ১৫ হাজার টন আখের সাদা চিনি কেনার অনুমোদন দেওয়া হয়।

এদিকে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (চতুর্থ সংশোধিত)’ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ রাইস সাইলোর নির্মাণকাজের প্রথম ও চূড়ান্ত ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এতে প্রকল্প ব্যয় ৪ কোটি ২৩ লাখ টাকা কমে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৪২ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৯৩০ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার কেনা হবে ১৭৪ কোটি ৪২ লাখ টাকায়, প্রতি মেট্রিক টনের দাম ৩৫৬ দশমিক ২৫ মার্কিন ডলার। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে ২০৮ কোটি ৮১ লাখ টাকায়, প্রতি মেট্রিক টনের দাম ৫৬৮ দশমিক ৬৭ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে ১৫৫ কোটি ৪৫ লাখ টাকায় (প্রতি মেট্রিক টনের দাম ৪২২ দশমিক ৬৬ মার্কিন ডলার)।

একইসঙ্গে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যাতে ব্যয় হবে ১৪৩ কোটি ৪৮ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩৯০ দশমিক ৭৫ মার্কিন ডলার।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *