আগামী বছরের শুরুতেই শুরু হচ্ছে দেশের অন্যতম বৃহৎ বাণিজ্য আয়োজন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬। আগামী ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিগ ওয়েভ)-এ মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।
সোমবার পূর্বাচলের মেলা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয় মেলার প্রস্তুতি ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে। সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। এ সময় রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এবারের মেলায় রপ্তানিমুখী শিল্প ও পণ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে আলাদা করে ‘এক্সপোর্ট এনক্লেভ’ স্থাপন করা হয়েছে, যেখানে তৈরি পোশাকসহ বিভিন্ন সম্ভাবনাময় রপ্তানি পণ্য প্রদর্শিত হবে। বিদেশি ক্রেতা ও দর্শনার্থীদের জন্যও বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
মেলা প্রাঙ্গণে তিনটি প্রধান হল—হল-এ, হল-বি ও হল-সি ছাড়াও উন্মুক্ত স্থানে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন থাকবে। সাধারণ স্টল, মিনি প্যাভিলিয়ন ও ফুড প্যাভিলিয়নের মাধ্যমে দেশীয় শিল্পের বহুমুখী পণ্য উপস্থাপন করা হবে। প্রদর্শনীতে থাকছে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল সামগ্রী, প্লাস্টিক, ফার্নিচার, সিরামিক, কসমেটিকস, হস্তশিল্প, কৃষি ও খাদ্যপণ্য, আইটি ও ইলেকট্রনিকস খাতের পণ্য।
দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, গণপরিবহনের জন্য আলাদা বাস পার্কিং, নারী ও শিশুদের জন্য বিশেষ সুবিধা, মেডিকেল সেবা, বিশ্রামাগার ও খাবারের আয়োজন রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটির দিনে সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।
আয়োজকরা জানান, দেশীয় পণ্যের প্রচার ও প্রসার, রপ্তানি বহুমুখীকরণ এবং উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করাই এই মেলার মূল লক্ষ্য। পাশাপাশি এলডিসি উত্তরণ–পরবর্তী সময়ে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য সক্ষমতা তুলে ধরতেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
