ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় হাজিরা দিতে আসা জসিম মাঝি (২২) প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। হামলার শিকার জসিম মাঝি (২২) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার লক্ষনকাঠি এলাকার ইসাহাক মাঝির ছেলে।
আদালত সূত্রে জানা যায়, সকালে জামিন পাওয়ার জন্য আদালতে হাজির হতে যাওয়ার সময় আসামি জসিম মাঝিকে রফিকুল মাঝি (২৩), জহিরুল মাঝি (২৫), মনি আক্কার (২৫), পপি আক্কার (২৭) ছুরিসহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চতুর্থ তলার আমলি আদালতের বারান্দায় হামলা চালায়। এরা সবাই নলছিটির লক্ষনকাঠি এলাকার ফক্কার মাঝির সন্তান।
এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনার সময় স্থানীয় জনতা এবং আদালতের নিরাপত্তা পুলিশ হামলাকারীদের আটক করে। পরে ঝালকাঠি সদর থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং মামলার কার্যক্রম শুরু করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, হামলাকারীরা আদালতের প্রাঙ্গণকে উপেক্ষা করে আক্রমণ চালায়। ঘটনার পর তাদের আটক করা হয়। আহতের ভাই মিরাজ মাঝি হামলকারি রফিকুল মাঝি, জহিরুল মাঝি, মনি আক্কার ও পপি আক্কারের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে চালান দেয়া হয়।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নলছিটি থানায় মামলা (জিআর ১৯/২০২৫, মামলা নং ৬) দায়ের করা মামলায় স্থায়ী জামিন নিতে এসেছিলেন জখম হওয়া জসিম মাঝি।
