মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়লে অন্তত ১২০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় হাজারো মানুষ রাজধানীতে সমবেত হয়ে মাদক সহিংসতা এবং সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুরুতে শান্তিপূর্ণভাবে চলা এ বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে জেন–জেড প্রজন্মের তরুণদের আহ্বানে সংগঠিত হলেও সেখানে বিভিন্ন বয়সের বহু মানুষ অংশ নেন বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ জানান, কয়েক ঘণ্টা শান্ত পরিবেশ বজায় থাকার পর একদল ব্যক্তি সহিংসতা শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি বলেন, সংঘর্ষে প্রায় ১০০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে নিতে হয়েছে। এছাড়া ২০ জন বিক্ষোভকারী আহত হওয়ার তথ্যও পাওয়া গেছে।
ভাজকুয়েজ আরও বলেন, ডাকাতি ও হামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভ চলাকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেন প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। ক্ষমতায় আসার প্রথম বছরে তিনি ৭০ শতাংশের বেশি জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হলেও সম্প্রতি কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার মুখে পড়েছে।
