মদিনার কাছে ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রীর মৃত্যু

2 Min Read

সৌদি আরবের মদিনার নিকটবর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ডিজেলবাহী ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ভারতীয় নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) সৌদি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে জানানো হয়, মক্কা থেকে মদিনাগামী বাসটি বাংলাদেশি সময় রাত ২টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষের পর দ্রুতই বাসটিতে আগুন ধরে যায়।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাসে থাকা অনেক ওমরাহযাত্রী ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে এসেছিলেন। মক্কায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা মদিনায় ফেরার পথে ছিলেন। দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে থাকায় বাসে আগুন ধরে যাওয়ার পর তাদের বের হতে না পারা হতাহতের সংখ্যা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গালফ নিউজ জানায়, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০টি শিশু থাকতে পারে। তবে চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় শনাক্তকরণ কাজ জটিল হয়ে উঠেছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, বাসে থাকা যাত্রীদের বেশিরভাগই ঘটনাস্থলেই মারা যান। তবে মোহাম্মদ আব্দুল শোয়াইব নামে একজন আহত অবস্থায় বেঁচে আছেন এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির কর্মকর্তাদের দুর্ঘটনা-সংক্রান্ত সহায়তায় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয়ের নির্দেশ দিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *