দুই দিন লড়ে আগুন নেভানো গেল, হংকংয়ে মৃত্যুর সংখ্যা ছাড়াল ৯০

3 Min Read

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের তাই পো এলাকায় একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। আগুন লাগার দুই দিন পর শুক্রবার ভোররাতের সর্বশেষ আপডেটে হংকং ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। বুধবার বিকেলে লাগা আগুন শুক্রবার সকালে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে নগর কর্তৃপক্ষের জরুরি সেবার প্রস্তুতি ও প্রতিরোধ ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

তাই পো অঞ্চলের ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে মোট আটটি টাওয়ারে দুই হাজারেরও বেশি ফ্ল্যাট রয়েছে, যেখানে প্রায় সাড়ে চার হাজার মানুষ বসবাস করেন। ফায়ার সার্ভিস জানায়, ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে কমপ্লেক্সের সাতটি ব্লকে। আগুন নিয়ন্ত্রণে আনতে এক হাজার দুইশ’ কর্মী এবং তিন শতাধিক অগ্নিনির্বাপক যান টানা কাজ করেছে।

অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশি গৃহকর্মীরাও প্রাণ হারিয়েছেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দুই নাগরিক মারা গেছেন এবং দুই জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এখনো অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট সূত্রপাত শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভবনের চারদিকে চলমান সংস্কারকাজে ব্যবহৃত বাঁশের মাচা ও সবুজ জাল আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। কিছু অংশ আবার ভেঙে পড়ে নিচে পড়ে আগুনের তীব্রতা বাড়িয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানির বিরুদ্ধে অনিরাপদ উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে।

পুলিশ বলেছে, অগ্নিনিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, সংস্কারকাজের জাল ও প্লাস্টিক ব্যবহারের অনুমতি ছিল কি না, এমনকি একটি ব্লকে জানালায় ফোম দিয়ে সিল করে দেওয়া হয়েছিল কি না এসব বিষয় তদন্ত করা হচ্ছে। গুরুতর অবহেলার অভিযোগে একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক এবং একজন প্রকৌশল পরামর্শককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া নির্মাণ প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে দরপত্র সংক্রান্ত নথি, কর্মচারীর তালিকা, ১৪টি কম্পিউটার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। সরকার জানিয়েছে, ওই কমপ্লেক্সের নিবন্ধিত ঠিকাদার হচ্ছে প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এক সংবাদ সম্মেলনে জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ৩০০ মিলিয়ন হংকং ডলারের তহবিল গঠনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বাসিন্দাদের জরুরি আশ্রয়ের জন্য এক হাজার হোটেল রুমের ব্যবস্থা করা হয়েছে, যেখানে তারা দুই সপ্তাহ পর্যন্ত অবস্থান করতে পারবেন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে হংকংয়ের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *