মস্কোয় গাড়িবোমা হামলা, শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যু

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকালে শহরের দক্ষিণাঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার ছিলেন।

প্রাথমিক তথ্যে জানা যায়, বিস্ফোরণে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং নিহত কর্মকর্তার গাড়িচালক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারী দল নিহত ব্যক্তিকে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ হিসেবে শনাক্ত করে। তিনি রুশ জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরকটি গাড়ির নিচে স্থাপন করা হয়েছিল। এই হামলার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে কি না—সে দিকটিও তদন্তে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কারণ, এর আগেও কিয়েভের বিরুদ্ধে এ ধরনের বিস্ফোরণ ব্যবহার করে হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, ফানিল সারভারভ ১৯৯০–এর দশকের শেষ দিকে এবং ২০০০ সালের শুরুর দিকে দক্ষিণ রাশিয়ায় পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছিলেন। ৫৬ বছর বয়সী এই কর্মকর্তা ২০১৬ সালে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *