মাদুরো গ্রেপ্তারের ঘটনায় বৈশ্বিক প্রতিক্রিয়া: মুক্তির আহ্বান চীনের, রাশিয়ার নিন্দা

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
ফাইল ছবি।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়া, চীন ও ইরানসহ একাধিক দেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। তবে কিছু দেশ আবার ভিন্ন সুরে প্রতিক্রিয়া প্রকাশ করেছে।

চীন রোববার এক বিবৃতিতে মাদুরোকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দ্রুত তাঁদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করার আহ্বান জানিয়ে এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে বেইজিং।

ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছে। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘সরাসরি সশস্ত্র আগ্রাসন’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, এই হামলার পেছনে কোনো বিশ্বাসযোগ্য যুক্তি নেই। বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দেশটির সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় পাশে থাকার অঙ্গীকার করেছে রাশিয়া।

অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রাথমিক প্রতিক্রিয়ায় জানান, মাদুরোর শাসনের অবসান নিয়ে তাঁর সরকার উদ্বিগ্ন নয় এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও তুলবে না। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জয় হোক স্বাধীনতার’ মন্তব্য করে ঘটনাটিকে ইতিবাচকভাবে দেখেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইরান এই হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে সীমা অতিক্রম করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অপরাধমূলক হামলা’ চালানোর অভিযোগ তুলেছেন।

এদিকে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো দেশটির জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর ওপর আস্থা রাখতে হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *