পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির বরাতে ইংরেজি দৈনিক ডন এ তথ্য প্রকাশ করে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়, শনিবার সকালে বেলুচিস্তানের অন্তত ১২টি স্থানে একযোগে হামলার চেষ্টা চালানো হয়। তবে সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। এ সময়ের সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও পুলিশের ১০ সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
রাষ্ট্রীয় সূত্রগুলো জানায়, বেলুচিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে পাকিস্তান সরকার ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করছে। কর্তৃপক্ষের দাবি, এসব গোষ্ঠীর মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির পেছনে বিদেশি মদদের বিষয়টি তুলে ধরতেই এই পরিভাষা ব্যবহার করা হচ্ছে।
এদিকে নিরাপত্তা সূত্র আরও জানায়, গোয়াদার এলাকায় সশস্ত্র হামলায় এক বেলুচ শ্রমিকের পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও তিনটি শিশুও রয়েছে।
রাষ্ট্রীয় বেতার সংস্থা রেডিও পাকিস্তান জানিয়েছে, বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান ও পাল্টাপাল্টি সংঘর্ষ এখনও চলমান রয়েছে। এসব অভিযানে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গত দুই দিনে প্রদেশজুড়ে অভিযানে মোট ৭০ জন সশস্ত্র সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, একাধিক স্থানে চালানো হামলার চেষ্টা যৌথভাবে প্রতিহত করেছে বেলুচিস্তান পুলিশ ও ফ্রন্টিয়ার কর্পস (এফসি)।
পরিস্থিতি বিবেচনায় কুয়েটা, সিবি ও চামান অঞ্চলে মোবাইল ফোন কল সেবা চালু থাকলেও নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে মোবাইল ডাটা সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
