আর্চারিতে ৬ বছর পর সোনার স্বাদ, এশিয়ান কাপে চ্যাম্পিয়ন আলিফ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
আর্চার আব্দুর রহমান আলিফ। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। দীর্ঘ ছয় বছর পর এশিয়ান আর্চারিতে আবারও সোনা পেল বাংলাদেশ।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন আলিফ। প্রথম সেটে ২৮ স্কোর করে ২৭ স্কোর করা মিয়াতাকে হারিয়ে ২-০ সেটে লিড নেন। দ্বিতীয় সেটেও দুর্দান্ত ফর্ম ধরে রাখেন তিনি। আলিফের ২৯ স্কোরের বিপরীতে মিয়াতা করেন ২৮, ফলে ৪-০ সেট পয়েন্টে এগিয়ে যান বাংলাদেশের এই আর্চার।

তবে তৃতীয় ও চতুর্থ সেটে ফিরে আসে প্রতিপক্ষ। মিয়াতা যথাক্রমে ২৮ ও ২৭ স্কোর করেন, যেখানে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে ম্যাচে সমতা আসে ৪-৪ সেট পয়েন্টে।

ফলে শিরোপার নিষ্পত্তি গড়ায় পঞ্চম ও শেষ সেটে। সেখানে আলিফ দেখান অসাধারণ দৃঢ়তা। নির্ভুল নিশানায় ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করেন তিনি, আর মিয়াতা করেন ২৬। ফলে শেষ সেটে জয় নিয়ে ৬-৪ ব্যবধানে স্বর্ণ জেতেন আলিফ।

এই জয়ের মধ্য দিয়ে ছয় বছর পর এশিয়ান আর্চারিতে আবারও শীর্ষে উঠলো বাংলাদেশ, আর আর্চারি অঙ্গনে নিজের জাত চেনালেন তরুণ আলিফ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *