আশুলিয়ার ডিইপিজেড এলাকায় র্যাব সদস্য সেজে একটি গরুবোঝাই ট্রাক ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার গভীর রাতে নবীনগর–চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড অংশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ৩০টি গরু নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করা ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৯০৯)টি ডিইপিজেড এলাকায় পৌঁছালে তিনটি মাইক্রোবাস ট্রাকটির পথরোধ করে। নিজেদের র্যাব পরিচয় দিয়ে দুর্বৃত্তরা ট্রাকের চালক, হেলপার ও গরু ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে ফেলে। এরপর তারা গরুসহ ট্রাকটি নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ মোড় ঘুরে টাঙ্গাইলের দিকে যায়।
পথে গাজীপুরের চন্দ্রা এলাকায় জিম্মিদের মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে ডাকাতরা গরুর ট্রাক নিয়ে অদৃশ্য হয়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় ও প্রাথমিক তদন্ত শুরু করে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুট হওয়া গরু ও ট্রাক উদ্ধারে এবং জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
