রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সম্পূর্ণরূপে সরকারি খরচে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে, আহত ১৭১।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। একইদিন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সব বেসরকারি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন এই দুর্ঘটনায় আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে বা যেসব হাসপাতাল তা সামাল দিতে অপারগ, তাদের রোগীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এতে বিমানসেনা, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা অপূরণীয়। জাতির জন্য এটি এক গভীর বেদনার মুহূর্ত।
তিনি আরও জানান, আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতাল ও কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মাত্র ১২ মিনিট আগে, দুপুর ১টা ৬ মিনিটে এটি কুর্মিটোলার এ কে খন্দকার বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়। মুহূর্তেই দোতলা ভবনজুড়ে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আগুন। হতাহত হন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
সরকারি ঘোষণা অনুযায়ী, আহতদের চিকিৎসা এবং দুর্ঘটনার তদন্তে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
