দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জাতিসংঘের শিশু তহবিল UNICEF থেকে হামের টিকা সংগ্রহ করা হচ্ছে এবং আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই সরবরাহ শুরু হতে পারে।
সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, হামের প্রকোপ হঠাৎ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রস্তুতি জোরদার করেছে। এ লক্ষ্যে টিকা ক্রয়ের জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে টিকা কেনার অর্থ ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় রাজধানীসহ বিভিন্ন স্থানে আইসিইউ চালু, ভেন্টিলেটর সরবরাহ এবং বিশেষায়িত ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। মহাখালীতে একটি শিশুর মৃত্যুর পর মাত্র ১৮ ঘণ্টার মধ্যে বন্ধ থাকা আইসিইউ চালু করা হয় বলেও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের পর দেশে বড় আকারে হামের টিকাদান কর্মসূচি না থাকায় নতুন প্রজন্মের অনেক শিশু টিকার বাইরে রয়ে গেছে। ফলে তাদের মধ্যেই সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।
এ পরিস্থিতিতে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, টিকা ক্রয়ের অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন পেলেই সরবরাহ শুরু হবে। টিকা দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।
জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং শিশুদের দ্রুত টিকার আওতায় আনা হবে।
