ইসরায়েলে ইরানের পাল্টা হামলা: ছোড়া হয়েছে শতাধিক ড্রোন

আর্ন্তজাতিক ডেস্ক :

1 Min Read

তেহরানে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে ইরান। দেশটির পক্ষ থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ১০০টি ড্রোন ছোড়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

আইডিএফ মুখপাত্র জানান, আকাশপথে ড্রোনগুলোর গতিপথ শনাক্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। ড্রোনগুলো ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার মূল লক্ষ্য ছিল সামরিক কমান্ড সেন্টার এবং পারমাণবিক স্থাপনাগুলো। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর প্রধান হোসেইন সালামি ও পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা নিহত হয়েছেন।

তেহরানে হামলার পর ইসরায়েল জরুরি অবস্থা জারি করে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, “ইরান থেকে পাল্টা প্রতিক্রিয়া আসা মাত্রই আমরা প্রস্তুত ছিলাম। এখন সেই প্রতিক্রিয়া শুরু হয়েছে।”

ইরানে হামলার ঘটনার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই হামলা ইসরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ। তারা নিজেরাই নিজেদের জন্য করুণ পরিণতির পথ তৈরি করেছে।”

মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনায় আন্তর্জাতিক সম্প্রদায়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি দ্রুত একটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *