ই–বেইলবন্ড চালু: এক ঘণ্টায় জামিনে মুক্তির সুযোগ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বিচার প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে আট জেলায় ডিজিটাল জামিননামা বা ই–বেইলবন্ড সেবা চালু করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বুধবার সকালে সচিবালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ই–বেইলবন্ড চালুর ফলে জামিনপ্রাপ্ত আসামিকে খুব অল্প সময়ের মধ্যে মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে জামিননামা দাখিল ও যাচাইয়ের মাধ্যমে মাত্র এক ঘণ্টার মধ্যেই বন্দির মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, আগে জামিন পেতে একজন আসামিকে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময়ক্ষেপণের পাশাপাশি অর্থনৈতিক ভোগান্তিও ছিল। কখনো কখনো জামিন কার্যকর হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত লেগে যেত। ডিজিটাল পদ্ধতিতে জামিননামা দাখিল হলে কে কখন সই করেছেন তার পূর্ণ রেকর্ড থাকবে, ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্ব করার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমাতেই প্রচলিত কাগুজে জামিননামার পরিবর্তে ই–বেইলবন্ড চালু করা হয়েছে। এতে বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীদের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।

জানা গেছে, এর আগে পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ জেলায় ই–বেইলবন্ড কার্যক্রম শুরু হয় এবং তা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ থেকে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এই সেবা চালু হলো।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *