ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা, আটক এক

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ক্যাপিটাল জুইশ মিউজিয়ামের বাইরে। পুলিশ জানায়, হামলার ঘটনায় ৩০ বছর বয়সী এলিয়াস রড্রিগেজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে নর্থইস্ট ডিসির থার্ড অ্যান্ড এফ স্ট্রিট এলাকায় হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় ক্যাপিটাল জুইশ মিউজিয়াম ছাড়াও রয়েছে এফবিআইয়ের একটি ফিল্ড অফিস ও মার্কিন অ্যাটর্নির কার্যালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মিউজিয়ামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাইরে বেরিয়ে আসার সময় ইসরায়েলি দূতাবাসের এক পুরুষ ও এক নারী কর্মীকে খুব কাছ থেকে গুলি করা হয়। নিহতদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ওয়াশিংটন ডিসির পুলিশপ্রধান পামেলা স্মিথ জানান, হামলার আগে রড্রিগেজকে মিউজিয়ামের বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে চারজনের একটি দলের কাছে গিয়ে তিনি হ্যান্ডগান বের করেন এবং দু’জনকে গুলি করেন। তাকে হেফাজতে নেওয়ার পর সে “ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিতে থাকে।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন বলেন, নিহত দুজনকে ‘খুব কাছ থেকে’ গুলি করে হত্যা করা হয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েশিল লেইটার জানান, নিহতরা প্রেমের সম্পর্কে ছিলেন এবং বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। “যুবকটি এ সপ্তাহেই একটি আংটি কিনেছিলেন। তার পরিকল্পনা ছিল জেরুজালেমে গিয়ে গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেওয়ার,” বলেন তিনি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন, “এই ঘৃণ্য হত্যাকাণ্ড ইহুদিবিদ্বেষের ভিত্তিতে ঘটেছে। আমেরিকায় এমন চরমপন্থা ও ঘৃণার কোনো স্থান নেই।”

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, “এই বিকৃত অপরাধীকে বিচারের মুখোমুখি করা হবে।”
এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল জানিয়েছেন, ফেডারেল সংস্থা ঘটনার তদন্তে স্থানীয় মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ঘটনাটি ঘিরে ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তের অগ্রগতির ওপর নজর রাখছে মার্কিন প্রশাসন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *