মুগদা হাসপাতাল ১ হাজার শয্যায় উন্নীত হচ্ছে : বাসসকে হাবিবুর রশিদ

বাসস :

3 Min Read
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আজ রোববার বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করার প্রস্তাবে অর্থ মন্ত্রণালয়ের নীতিগত সম্মতি পাওয়ায় স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

হাবিবুর রশিদ বলেন, মুগদা হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন দেখা যাচ্ছে। এর মাধ্যমে সবুজবাগ, মুগদা ও বাসাবো এলাকার মানুষ আরও উন্নত ও বিস্তৃত স্বাস্থ্যসেবা পাবে।

প্রতিমন্ত্রী জানান, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মুগদা হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দীর্ঘদিন হাসপাতালটির সম্প্রসারণ কার্যক্রম উপেক্ষিত ছিল। পরে নির্বাচনী প্রচারণার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির শয্যা সংখ্যা ৫০০ থেকে ১ হাজারে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।

হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি ডিও লেটার দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকল্পটির অনুমোদন দেয় এবং আজ রোববার অর্থ মন্ত্রণালয় থেকেও চূড়ান্ত সম্মতি পাওয়া গেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে হাসপাতালটিতে প্রতিদিন রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। বিদ্যমান অবকাঠামো ও শয্যাসংখ্যা দিয়ে রোগীদের চাপ সামাল দিতে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এ বাস্তবতায় হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় নতুন ভবন নির্মাণ, বিশেষায়িত ইউনিট স্থাপন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং জনবল বৃদ্ধি করা হবে। পাশাপাশি জরুরি বিভাগ, আইসিইউ, হৃদরোগ, কিডনি, নিউরোসার্জারি ও শিশুস্বাস্থ্য বিভাগের সক্ষমতাও বাড়ানো হবে।

সড়ক পরিবহন প্রতিমন্ত্রী বলেন, হাসপাতালটি এক হাজার শয্যায় উন্নীত হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় জনগণ স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবার সুযোগ পাবেন।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর অন্যান্য বড় সরকারি হাসপাতালের ওপর রোগীর চাপ কিছুটা কমবে।

- Advertisement -

উল্লেখ্য, আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এর উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ হতে ১০০০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *