দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে শিশুমৃত্যুর ঘটনা থামছেই না। গত ২৪ ঘণ্টায় এ রোগের লক্ষণ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ২২৯ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৩৭৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৯১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
