ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে বিমান হামলার ঘটনায় অনুতাপ প্রকাশ করেছেন। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনও হামলা চালানো হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, কাতারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তাঁর উপস্থিতিতেই টেলিফোনে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নেতানিয়াহু এবং দোহার ওই হামলার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
বিবৃতিতে বলা হয়, “কাতারে হামাসকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে কাতারি নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির কাছে গভীর শোক প্রকাশ ও ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। একই সঙ্গে হামাসের সঙ্গে ইসরায়েলি জিম্মি ইস্যুতে আলোচনার সময় কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্যও তিনি দুঃখ প্রকাশ করেছেন।”
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আল থানি ও নেতানিয়াহুর ওই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। গত ৯ অক্টোবর বিকেলে কাতারের রাজধানী দোহায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সেখানে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া ও অন্যান্য নেতারা যুদ্ধবিরতি সংক্রান্ত ট্রাম্পের খসড়া প্রস্তাব নিয়ে বৈঠক করছিলেন। হামলায় ছয়জন নিহত হন, তাঁদের মধ্যে একজন ছিলেন কাতারি নিরাপত্তারক্ষী। তবে খলিল আল হায়া বা হামাসের কোনো শীর্ষ নেতার ক্ষতি হয়নি।
