বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ।
সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
তিনি পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে মরহুমার পরিবারের সদস্য, বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ওই সময় তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত গুরুতর ও সংকটাপন্ন। দীর্ঘ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে ইন্তেকাল করেন।
মৃত্যুর পরদিন বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
