টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অনিশ্চয়তা, ভারতে খেলতে চায় না বিসিবি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে নতুন করে নাটকীয়তা তৈরি হয়েছে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। নিরাপত্তা ও সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইলের মাধ্যমে অবস্থান জানানো হয়েছে।

তবে বিষয়টি ঘিরে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে এবং ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে জানিয়ে দিয়েছে—বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত ওই ভার্চুয়াল বৈঠকে আইসিসি জানায়, নিরাপত্তাজনিত কারণে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ গ্রহণযোগ্য নয়। ফলে বাংলাদেশকে ভারতেই গিয়ে ম্যাচ খেলতে হবে।

তবে বিসিবি এই দাবি সরাসরি নাকচ করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি তাদের কাছে এ ধরনের কোনো চূড়ান্ত বার্তা দেয়নি এবং পয়েন্ট হারানোর বিষয়ে কোনো আলটিমেটামও দেওয়া হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘ক্রিকইনফোর প্রকাশিত খবরটি সঠিক নয়। আইসিসি কখনো বলেনি যে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে। আমাদের সঙ্গে আইসিসির কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

উল্লেখ্য, গত রোববার বিসিবি আইসিসিকে ই-মেইল করে ভারতে গিয়ে খেলতে অপারগতার কথা জানায়। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সিদ্ধান্ত। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন করা এই টুর্নামেন্টে গ্রুপ ‘সি’-তে রয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *