ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছেন না। পাশাপাশি অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথও চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি। শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে।
কামিন্স দীর্ঘদিন ধরেই পিঠের নিচের অংশের চোটে ভুগছিলেন। গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর কেবল অ্যাডিলেইডে অ্যাশেজ টেস্টে মাঠে নামতে পেরেছিলেন তিনি। সম্প্রতি স্ক্যান রিপোর্টে ইতিবাচক ফল পেলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলার মতো ফিটনেস অর্জন করতে পারেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, তাকে পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে।
অন্যদিকে, বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফর্ম করা স্মিথকে নির্বাচকরা স্কোয়াডে জায়গা দেননি। টি-টোয়েন্টি ফরম্যাটে তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন থাকায় তরুণদের ওপর আস্থা রাখা হয়েছে।
কামিন্সের অনুপস্থিতি সত্ত্বেও অজি শিবিরে স্বস্তির খবরও আছে। চোট কাটিয়ে পুরো ফিট হয়ে দলে ফিরেছেন জশ হেজেলউড, নেথান এলিস ও টিম ডেভিড। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ থাকবে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও ওমান।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ার্শিস, ক্যামেরন গ্রিন, নেথান এলিস, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
