টি-টোয়েন্টি বিশ্বকাপের বদলে বিসিবির নতুন টুর্নামেন্ট, প্রাইজমানি ২.৫ কোটি

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে দর্শকদের জন্য টিকিটের মূল্য সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পর ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতার ঘাটতি তৈরি হতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দর্শকদের জন্য আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে জাতীয় দলের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ নামে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল। মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। শনিবার রাতে প্রকাশিত বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং ৯ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে পর্দা নামবে এই আসরের। ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ ও দুরন্ত একাদশ এই তিনটি দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।

দলগুলোর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন দাস (ধূমকেতু একাদশ), নাজমুল হোসেন শান্ত (দুর্বার একাদশ) এবং আকবর আলী (দুরন্ত একাদশ)।

কোচিং প্যানেলেও অভিজ্ঞদের সমন্বয় রাখা হয়েছে। ধূমকেতু একাদশের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশের কোচ মিজানুর রহমান বাবুল ও সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের দায়িত্বে থাকবেন প্রধান কোচ হান্নান সরকার এবং সহকারী কোচ রাজিন সালেহ আলম।

এই টুর্নামেন্টে আইপিএলের আদলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রতিদিন বিকেল ৪টা থেকে মাঠে থাকবে সাংস্কৃতিক আয়োজন এবং সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *