আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ কার্যক্রম সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আট সদস্যের একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন।
দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে আহ্বায়ক এবং রাজনৈতিক পরিষদের সদস্য ও কৃষকনেতা দেওয়ান আব্দুর রশিদ নীলুকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন— রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান ও সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের সদস্য মো. খালেদ হোসাইন।
এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে কমিটির কর্মপরিকল্পনা, দায়িত্ব বণ্টন ও ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, দলীয় গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে এই কমিটি।
