গলাচিপায় ভিপি নুরের বিরুদ্ধে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

পটুয়াখালী প্রতিনিধি:

2 Min Read

পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে গলাচিপা শহরের সাবরেজিস্ট্রি অফিসসংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌরমঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভের পেছনে ছিল নুরুল হক নুরের সাম্প্রতিক এক বক্তব্য। গত বুধবার (১১ জুন) গলাচিপা অফিসার্স ক্লাবে ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় তিনি বলেন, “ছাত্র অধিকার পরিষদের জন্ম না হলে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হতো না।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, “গলাচিপা-বন্যাতলী সড়কের কাজ বিএনপির এক ঠিকাদার ফেলে রেখেছেন, ফলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে।”

নুরের ওই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা এবং সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন।

বক্তারা দাবি করেন, “গলাচিপা-বন্যাতলী সড়কের কাজ কোনো বিএনপি-ঘনিষ্ঠ ঠিকাদার করছেন না। বরং কাজটি বর্তমান স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ এক ঠিকাদারের মাধ্যমে শুরু হলেও তা ফেলে রাখা হয়েছে। এর দায় বিএনপির নয়।” তারা আরও অভিযোগ করেন, “গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।”

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন, আসাদুজ্জামান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুশফিকুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, সদস্য সচিব ফজলুল হক শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় রুবেল ও সদস্য সচিব সাব্বির আহম্মেদ প্রিতমসহ অনেকে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *