চট্টগ্রামে বন্দর থানার আনন্দবাজার এলাকায় কাশবনের মধ্যে হাত-পা কাটা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী শামীম মাকসুদ খান জয়ের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতের দিকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শামীম বরিশালের বাবুগঞ্জের শহীদুল হক খানের ছেলে। তিনি বড়পোল এলাকার বন্দর আবাসিক এলাকায় পরিবারসহ বসবাস করতেন। শামীম ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক পাশ করেছেন এবং সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সে ভর্তি হয়েছেন।
পুলিশ জানিয়েছে, রোববার বেলা ১২টার দিকে শামীম বাসা থেকে বের হন। বের হওয়ার আগে মোবাইলে এক কল পেয়েছিলেন এবং মাকে জানান, ফোন করা ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এছাড়া তিনি জানান, চাকরির ইন্টারভিউতেও যাবেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।
বন্দর থানার এসআই মনিরুল করিম বলেন, বিকেলে স্থানীয়রা কাশবনের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি হাসপাতালে নেওয়া হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে বলা যাচ্ছে না শামীম আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন বা ছিনতাইয়ের শিকার হয়েছেন। তদন্ত চলছে। নিহতের পরিবারও এখনও ঘটনাপ্রকৃতি সম্পর্কে নিশ্চিত নন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
