চলচ্চিত্র পরিচালক ও চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

দেশের চলচ্চিত্র অঙ্গনের প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু আর নেই। আজ দুপুর ১২টার দিকে রাজধানীর অ্যাপেলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি জানান, আব্দুল লতিফ বাচ্চু ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব, যিনি নানা সংকটে চলচ্চিত্র অঙ্গনের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন।

খোরশেদ আলম খসরু বলেন, চিত্রগ্রাহক হিসেবে খ্যাতির পাশাপাশি আব্দুল লতিফ বাচ্চু একজন সফল চলচ্চিত্র পরিচালকও ছিলেন। তিনি ‘যাদুর বাঁশী’, ‘নতুন বউ’, ‘স্বামীর ঘর’সহ একাধিক জনপ্রিয় ও যৌথ প্রযোজনার চলচ্চিত্র পরিচালনা করেছেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

আব্দুল লতিফ বাচ্চু শুধু চিত্রগ্রহণেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি ছিলেন একাধারে চিত্রপরিচালক, চিত্র পরিকল্পক ও আলোকচিত্র শিল্পী। তাঁর ক্যামেরার দৃষ্টিতে বাংলা চলচ্চিত্রে ফুটে উঠেছে নান্দনিকতা ও বাস্তবতার অনন্য মেলবন্ধন।

পরিচালক হিসেবে তাঁর নির্মিত ‘হাতকড়া’ চলচ্চিত্রটি দর্শকপ্রিয়তার পাশাপাশি আজও স্মরণীয় হয়ে আছে। আশির দশকে চিত্রগ্রহণে তাঁর সৃজনশীলতা ও বৈচিত্র্য চলচ্চিত্রপ্রেমীদের মুগ্ধ করে। অসংখ্য চলচ্চিত্রে তাঁর কাজ এখনো প্রশংসিত হয় চলচ্চিত্রবোদ্ধা ও নতুন প্রজন্মের নির্মাতাদের কাছে।

বাংলা চলচ্চিত্রের এই নীরব কারিগরের প্রয়াণে একটি যুগের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *