ছাত্রদল নেতার ঘের দখলের অভিযোগে জমির মালিকদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি:

2 Min Read

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে মৎস্যঘের জবরদখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় জমির মালিকরা। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্যান্ডামিক ফিশারিজ’ নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের প্রায় ১ হাজার বিঘা জমি লিজ নিয়ে ব্যবহার করলেও চুক্তি অনুযায়ী হারির (ভাড়া) টাকা পরিশোধ করেনি। বরং লিজের মেয়াদ শেষে জমি ফেরত না দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হচ্ছে।

মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অভিযোগ করেন, সাবেক সচিব সাইদুর রহমানের নির্দেশে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু ও তার ঘনিষ্ঠ রাহুল মোড়ল, সাদ্দাম, গামছা মোস্তফা, মশিউর রহমান এবং বখতিয়ার রহমান বকুলসহ শতাধিক লোকজন দিয়ে ঘেরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। এতে জমির মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জমির মালিক আবুল কাশেম মোড়ল ও আব্দুল হালিম বলেন, লিজের চুক্তি শেষ হলেও ঘের ফেরত দেওয়া হচ্ছে না। উল্টো গুণ্ডা বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে, মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।

মানববন্ধন শেষে জমি দখলমুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন জমির মালিকরা।

মানববন্ধনে আরও অংশ নেন আবু হামজা, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আলম মোল্লা, হাজী আনসার আলী, আনিসুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, সুভাষচন্দ্র মণ্ডল, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ও আরশাদ আলীসহ অনেকে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু বলেন, আমি প্রকল্পটির দেখভাল করছি। এখানে ১২ কোটি টাকার মাছ রয়েছে, আর ব্যাংক ঋণ রয়েছে প্রায় ১৬ কোটি টাকার। কারও জমি জোরপূর্বক দখল করার প্রশ্নই আসে না। লাঠিয়াল বাহিনী নিয়োগের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *