বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতে ইসলামিকে ভোট দেওয়া ইসলামের দৃষ্টিতে হারাম এবং এটি কোনোভাবেই জায়েজ নয়। তিনি দাবি করেন, যারা জামায়াতের সঙ্গে জোট করেছে, তারাও একই আদর্শের অনুসারী।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজীরহাট বড় মাদ্রাসায় বুখারী শরিফ খতম উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে এসব কথা বলেন হেফাজত আমির।
তিনি বলেন, আমার কাছে এটি কেবল একটি নির্বাচন নয়, এটি জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বিষয়। সব মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম। তিনি এই অবস্থানকে জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’ হিসেবেও উল্লেখ করেন।
এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি সমর্থন জানিয়ে বাবুনগরী বলেন, জামায়াতকে রাজনৈতিকভাবে ঠেকাতে হলে ঐক্যবদ্ধভাবে তাদের ভোট থেকে বঞ্চিত করতে হবে। তা না হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর ছাড়াও নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মোহতামিম সালাহউদ্দিন নানুপুরী, নাজিরহাট বড় মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুল্লাহ কাসেমীসহ বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুখারী শরিফ খতম শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং ইসলামি মূল্যবোধ রক্ষার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।
