জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে টাকা উদ্ধারের অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছে। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে আসন্ন নির্বাচনকে ঘিরে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, এসব কর্মকাণ্ড সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। একই সঙ্গে বিভিন্ন দলের নেতাদের বিরুদ্ধে পরিচালিত অর্থ উদ্ধারের অভিযানের সমালোচনা করে তিনি এটিকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
সংবাদ সম্মেলনে এনসিপি নেত্রী মনিরা শারমিনও সুষ্ঠু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি তথাকথিত ‘তথ্য সন্ত্রাসের’ অভিযোগ তুলে বলেন, এ ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তিনি দাবি করেন, মূলধারার কিছু গণমাধ্যম বিএনপির পক্ষে প্রপাগান্ডা চালাচ্ছে।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে নেতারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
