টেকনাফে অপহরণচক্রের ৫ সদস্য অস্ত্রসহ আটক

জাফর আলম, কক্সবাজার:

1 Min Read

কক্সবাজারের টেকনাফে একটি সংঘবদ্ধ অপহরণচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজসহ পাঁচ অপহরণকারীকে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের একটি দল মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর লামার বাজার এলাকায় অভিযান চালায়। সৈকত কাউন্টার সংলগ্ন স্থান থেকে আটক করা হয় চকরিয়ার আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯) নামে পাঁচ জনকে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সক্রিয় অপহরণচক্রের সদস্য এবং অপহরণকাজে ব্যবহৃত অস্ত্র লুকিয়ে রেখেছে। তাদের দেওয়া তথ্যে ওই রাতেই বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় এক বসতঘরের সামনে ছনের গাদার ভেতর থেকে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত পাইপগান (দৈর্ঘ্য ১২.৪ ইঞ্চি) ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটক আসামিদের টেকনাফ মডেল থানায় নেওয়া হলে অপহরণের শিকার পাভেল চাকমা (২৪) তাদের শনাক্ত করেন এবং নিশ্চিত করেন যে, তারা অপহরণচক্রের সক্রিয় সদস্য।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুর্জয় বিশ্বাস বলেন, অপহরণে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। ভিকটিম তাদের শনাক্ত করেছেন। সন্ত্রাস ও অপহরণের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। জনগণের নিরাপত্তায় পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। চক্রের বাকি সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *