টেলিকম ও আইসিটি খাতে কর কমানোর উদ্যোগ: রেহান আসিফ আসাদ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

দেশের টেলিকম ও আইসিটি খাতে উচ্চ করহার কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে এই খাতে করহার প্রায় ৩৮ শতাংশ পর্যন্ত, যা বিশ্বে অন্যতম উচ্চ। একই সময়ে দেশের ট্যাক্স-টু-জিডিপি অনুপাত কম থাকায় দুই দিক বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে কাজ চলছে।

তিনি জানান, বিদ্যমান কর কাঠামোর কারণে গ্রাহকরা সরাসরি প্রভাবের মুখে পড়ছেন। “একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে প্রায় ৩৮ টাকা কর হিসেবে চলে যায়, ফলে প্রকৃত সেবা পান মাত্র ৬২ টাকার,” বলেন তিনি। এই চাপ কমিয়ে গ্রাহক সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকারের রাজস্বও সুরক্ষিত রাখার চেষ্টা করা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে একাধিক ব্যাকবোন নেটওয়ার্ক থাকলেও তা সমন্বিত নয়। এ কারণে একটি ‘ন্যাশনাল ফাইবার ব্যাকবোন’ গড়ে তোলার পরিকল্পনা বিবেচনায় রয়েছে, যাতে সব অপারেটর সমান সুযোগ পায় এবং সেবার মান ও খরচ উন্নত হয়।

ডিজিটাল অর্থনীতির জন্য শক্তিশালী কানেক্টিভিটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট অবকাঠামোই ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি। আগামী পাঁচ বছরে আইসিটি খাতের উন্নয়ন তিনটি স্তম্ভের ওপর নির্ভর করবে—কানেক্টিভিটি, নাগরিকের ডিজিটাল পরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা।

তিনি ‘এক নাগরিক, এক ডিজিটাল আইডি’ বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি একক ডিজিটাল পরিচয়ের আওতায় নাগরিকদের আনা হবে। পাশাপাশি ডিজিটাল ওয়ালেটসহ সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান, যেখানে পরিচয়, লেনদেন ও সরকারি সেবা একসঙ্গে পাওয়া যাবে।

রেহান আসিফ আসাদ বলেন, বর্তমানে আইসিটি ও টেলিকম খাত থেকে দেশের জিডিপিতে ২ থেকে ৪ শতাংশ অবদান আসছে, যা ভবিষ্যতে ১০ থেকে ১৫ শতাংশে উন্নীত করা সম্ভব। এ লক্ষ্যে সরকার, বেসরকারি খাত ও উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *