‘তাণ্ডব’ পাইরেসির শিকার, আইনি পদক্ষেপের ঘোষণা নির্মাতাদের

1 Min Read

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এখনো দেশের সর্বাধিক প্রেক্ষাগৃহে সর্বোচ্চ শো নিয়ে চলছে। প্রতিদিনই হাউজফুল শো দেখা যাচ্ছে। এমন সফলতার মাঝেই সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে, যা চলচ্চিত্রশিল্পের জন্য মারাত্মক এক ধাক্কা।

এর আগে এবারের ঈদেই মুক্তিপ্রাপ্ত ‘বরবাদ’এবং ‘দাগি’ সিনেমাও অনলাইন পাইরেসির শিকার হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলো শাকিব খান ও সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’ । মুক্তির অল্প দিনের মাথায় ছবিটির এইচডি ভার্সন বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে।

চলচ্চিত্রটির কলাকুশলীরা আগেই পাইরেসি ঠেকাতে সতর্কতা ও হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। পুরো সিনেমা অনলাইনে ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছেন সংশ্লিষ্টরা। ১৪ জুন বিকেলে পরিচালক ও প্রযোজকরা এ বিষয়ে জরুরি বৈঠক করেছেন।

বৈঠক শেষে পরিচালক রায়হান রাফী বলেন, যারা এই অপরাধে জড়িত, তাদের কোনো ছাড় নেই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি এবং আইনি ব্যবস্থা নিচ্ছি। আমাদের টেকনিক্যাল টিমও কাজ করছে। প্রযুক্তির সহায়তায় দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের মুখোমুখি করা হবে।

‘তাণ্ডব’বর্তমানে দেশের ১৩৩টি সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এতে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সাবিলা নূর। আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। অতিথি চরিত্রে আছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *