তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান অভিনেতা থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আরও অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল ভিড়ের মধ্যে কয়েকজন অচেতন হয়ে পড়লে হঠাৎ সামনে দিকে চাপ সৃষ্টি হয় এবং সেখান থেকেই শুরু হয় মর্মান্তিক পদদলিতের ঘটনা।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সমাবেশস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। নামাক্কালে বিজয়ের পূর্ববর্তী সভা শেষে করুরে তার ভাষণ দেওয়ার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পর আসেন। এ সময় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্টালিন এক্স-এ (সাবেক টুইটার) শোকবার্তায় বলেন, করুর থেকে আসা খবর অত্যন্ত মর্মান্তিক। অসুস্থদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। স্বাস্থ্যমন্ত্রী, জেলা প্রশাসক ও সাবেক মন্ত্রী সেন্থিল বালাজিকে মাঠে নামানো হয়েছে। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে।
আগেও প্রশ্ন উঠেছিল বিজয়ের সমাবেশ নিয়ে
এর আগে এই মাসের শুরুর দিকে ত্রিচির বিজয়ের প্রথম সমাবেশেও ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। সেদিন বিমানবন্দর থেকে সভাস্থলে ২০ মিনিটের পথ পাড়ি দিতে তার বহরে সময় লেগেছিল ছয় ঘণ্টা। পুরো শহর কার্যত থমকে গিয়েছিল।
নিরাপত্তাজনিত উদ্বেগে পুলিশ তখন টিভিকে-র সমাবেশের জন্য ২৩টি শর্ত জারি করেছিল। এর মধ্যে ছিল কনভয়ে যোগ দেওয়া, প্রকাশ্যে অভ্যর্থনা দেওয়া নিষিদ্ধ করা এবং গর্ভবতী নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের অনলাইনে অনুষ্ঠান অনুসরণের পরামর্শ। কিন্তু বিজয়ের অনুরোধ সত্ত্বেও তার সমর্থকরা প্রকাশ্যে এসব শর্ত লঙ্ঘন করেন। শিশু ও নবজাতক পর্যন্ত নিয়ে আসা হয়েছিল সমাবেশে।
টাইমস অব ইন্ডিয়া
