দুইশো কোটি টাকা লেনদেন: সাবেক এমপি রুবিনা ও স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, ছবি - সংগৃহীত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং তার স্বামী মো. মোশারফ হোসাইন সরদারের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৩ মে) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের তথ্যমতে, রুবিনা আক্তার মীরা ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৫৭ লাখ ১৮ হাজার ৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি নিজ নামে বিভিন্ন ব্যাংকে ১০টি হিসাবে মোট ২৭৮ কোটি ৫২ লাখ টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেন করেছেন। এসব লেনদেন মানিলন্ডারিং ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্থানান্তরের সঙ্গে যুক্ত বলে দুদকের দাবি।

এ ঘটনায় দুদকের উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে রুবিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(১)/১৪ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, তার স্বামী মো. মোশারফ হোসাইন সরদার নিজের নামে ১ কোটি ২৬ লাখ ৪৮ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। পাশাপাশি তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৭৪ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে ১৮ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন সন্দেহজনক বলে চিহ্নিত করা হয়েছে, যা মানিলন্ডারিংয়ের অংশ বলে কমিশনের ধারণা।

এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে তাদের দুজনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়ের করেছেন।

দুদকের ভাষ্য অনুযায়ী, এসব অর্থ ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত এবং তার উৎস গোপন করতে রূপান্তর ও স্থানান্তরের চেষ্টার প্রমাণ পাওয়া গেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *