সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন সভা

সাতক্ষীরা প্রতিনিধি:

2 Min Read

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন এবং নদী ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এবং যুব পানি কমিটি।

সাসটেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং টু ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ) প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো, যুবসমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা, নদী ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং নদী অববাহিকায় টিআরএম চালু করতে জনসচেতনতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি কমিটির সম্পাদক মোঃ আব্দুর রউফ বাবু, যুব পানি কমিটির মিলন বিশ্বাস, এস.এম. বিপ্লব হোসেন, রাবেয়া খাতুন, মোকাররাম বিল্লাহ ইমন, অর্পণ বসু, সাজিদুল ইসলাম, পানি কমিটির প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সদস্য সেলিম হোসেন ও মোসলেমা খাতুন প্রমুখ।

দিনব্যাপী এই ক্যাম্পেইনে যুব পানি কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

বেতনা-মরিচ্চাপ যুব পানি কমিটির মিলন বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অঞ্চলের মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। সাতক্ষীরা পৌরসভার কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে অতিরিক্ত বৃষ্টিপাতে পৌরসভার চারটি ওয়ার্ডের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো দেখা যায়নি। জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাই বেড়েছে। আমরা এর দ্রুত প্রতিকার চাই।

আয়োজক সংস্থা উত্তরণ-এর দীলিপ কুমার সানা বলেন, এই এলাকার নদী রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী অববাহিকা এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বেড়েই চলেছে। এখনই নদী রক্ষায় সচেতনতা গড়ে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে টেকসই নদী ব্যবস্থাপনার কার্যকর পদক্ষেপ নিতে উৎসাহিত করবে বলে আমরা আশাবাদী।


- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *