সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজার খেয়াঘাটের পাশে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।
অভিযানে খেয়াঘাট সংলগ্ন রাস্তায় গড়ে ওঠা ১০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
ইউএনও অরুপ রতন সিংহ বলেন, আমবাড়ি বাজার খেয়াঘাট মান্নারগাঁও, লক্ষীপুর ও সুনামগঞ্জ সদরের রঙ্গারচর ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। সেখানে রাস্তা দখল করে গড়ে ওঠা স্থাপনা জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে চলবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুস সালাম, সার্ভেয়ার ফরিদ উদ্দিন, তহসিলদার মুহিত আহমদ, অফিস সহায়ক কবির আহমদ ও রুয়েল মিয়া।
